চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল তুলে দিয়ে তারা দলে যোগ দেন।
অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সাম্প্রতিক আন্দোলনের রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী তরুণ যোদ্ধারাও এ সময় এনসিপিতে যোগ দেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, চাঁদপুর থেকেই একটি নতুন ধারার রাজনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে নাগরিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এনসিপি এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে জনগণ নতুন ও গণমুখী রাজনৈতিক ধারার প্রতি আস্থা রাখছে। নতুন যোগদানকারীরা দলের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও তরুণ আন্দোলনকারীদের অংশগ্রহণ। তাদের উপস্থিতিতে পুরো হলরুমে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শেষে নবাগত সদস্যদের ফুলেল শুভেচনা জানিয়ে দলে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন