গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫ শতাংশ প্রফিট শেয়ার ও ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তাদের সন্তানরা।
বুধবার কাদিরগঞ্জ নাজমুল হক স্কুলের সামনে আয়োজিত কর্মসূচিতে অভিভাবকদের পরিবর্তে সন্তানদের ব্যানার হাতে রাজপথে দাঁড়াতে দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ ১৯ মাস ধরে পাওনা আদায়ের জন্য আন্দোলন করলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
প্রতিবাদে অংশ নেওয়া শিশুরা তাদের বাবাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানায়। তাদের ভাষ্য, বাবাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রভাব পড়ছে পুরো পরিবারের ওপর।
আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির মধ্যে রয়েছে—শ্রম আইন অনুযায়ী ১৬ বছরের বকেয়া ৫ শতাংশ প্রফিট শেয়ার অবিলম্বে পরিশোধ, আন্দোলনকারীদের হয়রানি ও কথিত মিথ্যা মামলা বন্ধ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা।
সাবেক কর্মকর্তা-কর্মচারীরা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ন্যায্য পাওনা কোনো অনুদান নয়; এটি শ্রমের বিনিময়ে অর্জিত অধিকার। তাই দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে।
মন্তব্য করুন