মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (১৪ মে) তিনি হাসপাতালে গিয়ে প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তার সঙ্গে কাটান।
সাক্ষাৎ শেষে মাসুদ সাঈদী জানান, আগের তুলনায় বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
বর্তমানে পাঁচ দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থান করছেন মাসুদ সাঈদী। মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাতে কুয়ালালামপুর পৌঁছানোর পর সফরের শুরুতেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টও শেয়ার করেন। সেখানে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবরে তার অনুসারী ও রাজনৈতিক অঙ্গনে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাসুদ সাঈদী।
মন্তব্য করুন