ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভা ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
রোববার এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এ দাবি জানান। বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, শামীম কায়সার লিংকন সালাফি মতাদর্শের অনুসারী। তবে এ দাবির বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রীর কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে সালাফিবাদ, মওদুদিবাদ, তালেবানি ও জঙ্গিবাদী মতাদর্শের সমালোচনা করে সংগঠনটি এসব মতাদর্শকে ইসলামের মানবিক শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে।
সংগঠনটির দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সালাফি মতাদর্শ প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। এ কারণে ধর্ম প্রতিমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে প্রধানমন্ত্রী ও বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ধর্মের নামে সহিংসতা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন