ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।
নির্বাচন ঘিরে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। ডিএমপি’র ডিসি (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন জানান, শঙ্কার কোনো কারণ নেই। ভোর ৬টা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। ক্যাম্পাসের ৮টি প্রধান প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়ছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে।
সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
মন্তব্য করুন