বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে। লাওসে আয়োজিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী।
প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন শিখা, শান্তি, নবীরণ এবং তৃষ্ণা। দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল আসে তৃষ্ণা, সাগরিকা ও মুনকির পা থেকে।
২০ মিনিটে শিখার হেডে আসে প্রথম গোল। ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে ‘অলিম্পিক গোল’ করেন শান্তি মার্দি। এরপর নবীরণের হেড এবং তৃষ্ণার প্রথম গোলের মাধ্যমে বিরতির আগেই ৪-০ ব্যবধান নিশ্চিত করে দল।
বিরতির পরও থামেনি আক্রমণের ধার। তৃষ্ণা দ্বিতীয় ও তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। সাগরিকা ও মুনকি বাকিদের যোগ দেন গোল উৎসবে।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এ শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল।
গ্রুপের শেষ ও সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচে ১০ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
মন্তব্য করুন