শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। ঘোষণার পরপরই এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার কথা জানান তাসনিম জারা।
মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, একজন স্বাক্ষরকারী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করলেও বাস্তবে তিনি ওই আসনের ভোটার নন—এ বিষয়টি জানার কোনো সুযোগ তার ছিল না।
আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতির কথা তুলে ধরে তাসনিম জারা বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপিতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ থাকলেও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ওই আসনের ভোটার নন।
তিনি আরও বলেন, স্বাক্ষরকারী দুজনই নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার মনে করেই মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের নিজ নিজ আসন যাচাইয়ের জন্য কার্যকর কোনো সহজ ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ওই দিনই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হবে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি বা বাতিলের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন