বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডাকসু প্রতিনিধি সাদিক কায়েম।
জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ডাকসুর একাধিক প্রতিনিধি অংশ নেন। বৈঠকের শুরুতে তারা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন।
বৈঠক শেষে সাদিক কায়েম জানান, তারেক রহমান দেশের রাজনীতিতে ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লব দেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী বিভাজনকে পুঁজি করে দিল্লি-ঘনিষ্ঠ ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
ডাকসু ভিপি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশের তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটের মতো উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনো গ্রেপ্তার হয়নি এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
সবশেষে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন