বরিশাল মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের ১২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাদের।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুকসহ মোট ১২ জন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদন ও দলীয় বিবেচনার ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত অন্যরা হলেন— ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রূপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে ভবিষ্যতে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন