বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দুষ্কৃতিকারিদের কঠোরভাবে দমনের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের নাগরিকদের জানমাল সুরক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সুযোগসন্ধানী শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বির হত্যায় গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পরও একটি মহল দেশকে অস্থির করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা নিতে মরিয়া। মুসাব্বির হত্যাকাণ্ড সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহত আজিজুর রহমান মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন