ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আপিল আবেদন জমা দেন।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হন।
আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেও সেটি গ্রহণ করা হয়নি। এ কারণে আইন অনুযায়ী আপিল করা হয়েছে এবং আইনি লড়াই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে স্বাক্ষর দিয়েছেন। প্রায় দেড় দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ সমর্থন জানিয়েছেন এবং অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে বুথ পরিচালনায় যুক্ত হয়েছেন। এসব মানুষের প্রত্যাশা ও সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি আইনি পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডা. তাসনিম জারা বলেন, যারা অল্প সময়ের মধ্যে সই করেছেন, তারা চান তিনি যেন নির্বাচনে অংশ নিতে পারেন। সেই কারণেই আপিল করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম সোমবার থেকে শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মন্তব্য করুন