শাহিনুর আলম, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় ‘আম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। এ লক্ষ্যে সম্প্রতি পল্লবী থানা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
ঢাকা-১৬ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন বলেছেন, ইনশাআল্লাহ ঢাকা–১৬ আসন থেকে নির্বাচিত হতে পারলে তিনি জবাবদিহিতামূলক ও জনসম্পৃক্ত উন্নয়ন বাস্তবায়নে কাজ করবেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে-এটাই তার দলের প্রত্যাশা। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
ঢাকা–১৬ আসনের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে তারিকুল ইসলাম সুমন বলেন, এ এলাকার জনদুর্ভোগ, যানজট, সুপেয় পানির সংকট, বিদ্যুৎ সমস্যা এবং বস্তিবাসীদের অমানবিক জীবনযাপন নিরসনে ন্যায্য ও টেকসই সমাধান জরুরি। ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে এসব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে তিনি কাজ করবেন।
একজন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি আরও বলেন, ঢাকা–১৬ আসনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
মন্তব্য করুন