নিজস্ব প্রতিবেদক | তিতাস, কুমিল্লা | ১৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লার তিতাস উপজেলায় নতুন রাজনৈতিক ও সামাজিক জাগরণের ইঙ্গিত মিলছে। পরিবর্তনের বার্তা নিয়ে আলোচনায় উঠে এসেছেন স্থানীয়ভাবে পরিচিত মুখ মোল্লা মোসলেম মোহাম্মদ। তিনি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে “গণভোট” চালুর দাবি তুলেছেন।
মোল্লা মোসলেম মোহাম্মদের মতে, রাষ্ট্র পরিচালনার বড় বড় সিদ্ধান্তে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলে দেশ আরও গণতান্ত্রিক ও স্বচ্ছ ধারায় এগিয়ে যাবে। এ লক্ষ্যেই তিনি তিতাসে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
তিনি তার বক্তব্যে গণভোটকে “নতুন বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার” হিসেবে উল্লেখ করে বলেন,
“হ্যাঁ মানেই নতুন বাংলাদেশ—ভয়মুক্ত ভবিষ্যৎ, চাঁদাবাজী প্রতিরোধ, দুর্নীতি দমন এবং সন্ত্রাস নির্মূল। আর ‘না’ মানে এর বিপরীত সবকিছু।”
সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস এলাকার তৃণমূল পর্যায়ে তার এই আহ্বান ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় অনেকেই বলছেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হলে প্রশাসন ও রাজনীতিতে জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষের অধিকার আরও শক্তিশালী হবে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকার চায়ের দোকান, বাজার ও সামাজিক আড্ডায় বর্তমানে গণভোট এবং “হ্যাঁ-না” ভোটের ধারণা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে।
ভয়হীন মত প্রকাশের দাবি
মোল্লা মোসলেম মোহাম্মদ আরও বলেন,
“আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে তার মত প্রকাশ করতে পারবে। ভোট ‘হ্যাঁ’ হোক বা ‘না’—তা যেন হয় দেশের কল্যাণে ও ভয়ের ঊর্ধ্বে থেকে।”
তিনি মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাই জনগণের ভয়মুক্ত পরিবেশ এবং সচেতন অংশগ্রহণ নিশ্চিত করাই তার আন্দোলনের মূল উদ্দেশ্য।
তিতাসে নতুন স্বপ্নের বাতাস
তিতাস এলাকায় গণভোটের এই ডাক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। অনেকের ধারণা, এটি সময়ের সঙ্গে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তিতাসের জনপদ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে।
মন্তব্য করুন